ব্রেইন ও প্যারেন্টিং

জন্ম থেকে তিন বছর: ব্রেইন গড়ার সোনালি সময়

চেম্বারে এক মা জিজ্ঞেস করলেন—
“স্যার, পড়ালেখা তো ক্লাস ওয়ান থেকে। তার আগে আর কী-ই বা শেখাব?”

আমি হেসে বললাম—
“আপনার বাচ্চার সবচেয়ে বড় স্কুলটা কিন্তু প্রায় শেষের পথে।”

মা অবাক। বাচ্চার বয়স মোটে আড়াই বছর।

ব্রেইনের স্কুল শুরু হয় জন্মের দিন থেকে

জন্মের সময় শিশুর ব্রেইনে থাকে প্রায় সব নিউরন (neuron)। কিন্তু আসল কাজটা হয় এরপর — নিউরনে নিউরনে সংযোগ তৈরি। প্রথম কয়েক বছরে প্রতি সেকেন্ডে লাখ লাখ নতুন সংযোগ তৈরি হয়। তিন বছর বয়সের মধ্যেই ব্রেইন পৌঁছে যায় বড়দের ব্রেইনের প্রায় ৮০ ভাগ আকারে।

অর্থাৎ ভিত ঢালাইয়ের কাজটা হয় শুরুতেই।
বিল্ডিং পরে যত সুন্দর করেই সাজান, ভিত দুর্বল হলে লাভ কম।

এই সময়ে ব্রেইন কী চায়?

দামি খেলনা না। দামি স্কুল না। ব্রেইন চায় পাঁচটা সহজ জিনিস—

১. কথা। বাচ্চা উত্তর দিতে না পারলেও কথা বলুন। “এই যে ভাত, গরম ভাত, ফুঁ দিই?” — এই সাধারণ কথাগুলোই ভাষার ভিত গড়ে। যে বাচ্চা বেশি কথা শোনে, তার শব্দভান্ডার বড় হয়।

২. খেলা। খেলাই শিশুর পড়ালেখা। লুকোচুরি শেখায় ধৈর্য, ব্লক সাজানো শেখায় সমস্যা সমাধান, অন্য বাচ্চার সঙ্গে খেলা শেখায় ভাগাভাগি। মাঠ, উঠোন, মেঝে — সবই ক্লাসরুম।

৩. খাবার। ব্রেইনের কাঁচামাল আসে খাবার থেকে। ডিম, মাছ, ডাল, রঙিন শাকসবজি, ফল, বাদাম। প্যাকেটের চিপস-জুস যত কম, তত ভালো। আর প্রথম ছয় মাস মায়ের দুধ — এর কোনো বিকল্প নেই।

৪. ঘুম। ঘুমের মধ্যেই ব্রেইন দিনের শেখা গুছিয়ে রাখে। ছোট শিশুর দরকার দিনে ১১–১৪ ঘণ্টা ঘুম। ঘুম কম তো শেখাও কম।

৫. ভালোবাসা ও নিরাপত্তা। সবচেয়ে গুরুত্বপূর্ণ, অথচ সবচেয়ে কম আলোচিত। ভয়ের মধ্যে বড় হওয়া ব্রেইন ব্যস্ত থাকে আত্মরক্ষায়, শেখার সুযোগ পায় কম। কোলে নেওয়া, আদর করা, কান্নায় সাড়া দেওয়া — এগুলো আদিখ্যেতা না, ব্রেইনের খাবার।

যেটা দেরি হলে পোষানো কঠিন

ভয় দেখানোর জন্য বলছি না। বলছি সুযোগটা কাজে লাগানোর জন্য—

এই বয়সে ব্রেইন থাকে সবচেয়ে নমনীয়। ভাষা, আবেগ, বিশ্বাস — সবকিছুর প্রথম ছাঁচ তৈরি হয় এখনই। পরে শেখা যায় না তা নয়, কিন্তু তখন পরিশ্রম লাগে অনেক বেশি।

তাই কথা বলা দেরি, ডাক না শোনা, চোখে চোখ না রাখা — এমন কিছু চোখে পড়লে “বড় হলে ঠিক হয়ে যাবে” বলে বসে থাকবেন না। চিকিৎসকের পরামর্শ নিন। যত আগে ধরা পড়ে, তত ভালো ফল।

মনে রাখবেন—
মস্তিষ্ক জিনে লেখা থাকে না।
লেখা হয় প্রতিদিন — আপনার হাতে।

📘 ব্রেইন ব্লুপ্রিন্ট

গর্ভকাল থেকে ১৮ বছর — সন্তানের ব্রেইন গড়ে তোলার পূর্ণাঙ্গ গাইড।
চেম্বারের বাস্তব অভিজ্ঞতা থেকে সহজ বাংলায় লিখেছেন ডাঃ ইমাম হোসেন।

৭৫০৳ অফার মূল্য ৬০০৳

বইটি অর্ডার করুন  কম্বো অফার ১,১০০৳

সারাদেশে ক্যাশ অন ডেলিভারি